21447

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করুন: মালিকদের ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: ঈদের আগেই বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

ads

মহান মে দিবস প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শ্রমিকদের লড়াই, সংহতি, দৃঢ়তা ও রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা অর্জিত বিজয় দিবসই মে দিবস।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে জানিয়ে তিনি বলেন, একই দিনে বাংলাদেশ আইএলও’র ২৯টি কনভেনশন অনুসমর্থন করে, যা ছিল একটি বিরল ঘটনা।

ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও মেহনতি মানুষের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার শ্রমিকবান্ধব সরকার। শেখ হাসিনা সরকারের চেষ্টায় শিশুশ্রম নিষিদ্ধ ও শ্রম আইন বাস্তবায়ন থেকে শুরু করে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং কৃষি শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করার ব্যবস্থা করেছে সরকার।

ঈদের আগেই বিভিন্ন কল-কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন ওবায়দুল কাদের।

এ সময় বিএনপির সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।বলেন, বিএনপি করোনা নিয়ে যতই অপপ্রচার করুক তাতে জনগণ বিশ্বাস করে না এবং সাড়া দেয় না।শেখ হাসিনার মানবিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থা অবিচল আর জনগণের প্রতি সুদৃঢ় কমিটমেন্ট থেকেই সরকার সংক্রমণ রোধ ও চিকিৎসায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, করোনাকে পুঁজি করে যারা অপপ্রচারের বাণিজ্য করছে তারাই প্রকারান্তরে নানা অনিয়মের প্রশ্রয়দাতা।বিএনপি একদিকে অনিয়মের বিরুদ্ধে কথা বলে, অপরদিকে অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে বলে বিরোধী দলকে দমন করছে।

আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বকে পবিত্র সেবা হিসেবে নিয়েছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

ad

পাঠকের মতামত