দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রব্যমূ্ল্য নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি।
গতকাল রোববার ‘পবিত্র রমজান মাসে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্যবসায়ী নেতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের অংশগ্রহণে এ ওয়েবিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
ব্যবসায়ীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য দেশে দেখা যায়, রমজানে নিত্যপণ্যের দাম কমে। কিন্তু এ উপমহাদেশে দাম বাড়ে। আমাদের দেশেও ব্যতিক্রম নয়। এক্ষেত্রে আপনারা কী করতে পারেন তা জানাবেন। আপনাদের পরামর্শ ও তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রমজানে সরবরাহ ও চাহিদার মধ্যে তারতম্য থাকে। এ কারণে অনেক ক্ষেত্রে দ্রব্যমূল্য অনিয়ন্ত্রিত হয়ে যায়। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক দক্ষ। এক্ষেত্রে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনিয়ম, বিশৃঙ্খলা ও দ্রব্যমূ্ল্য নিয়ন্ত্রণ করা সম্ভব। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা ওয়েবিনারে উপস্থিত ছিলেন।









