15372

নিবেদিত কর্মীদের দলে টানতে হবে : ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ: দলকে শক্তিশালী করতে হলে নিবেদিত প্রাণ কর্মীদের দলে টানতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ শনিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ বৃহৎ একটি রাজনৈতিক সংগঠন। এখানে প্রতিদ্বন্দ্বীতা থাকবেই। দলের শৃঙ্খলা না মানলে দলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। নিজের অবস্থান ভারি করতে নিজের লোক নিয়ে দল ভারি করে পকেট কমিটি করা যাবে না। দলকে শক্তিশালী করতে হলে নিবেদিত প্রাণ কর্মীদের দলে টানতে হবে।’

ads

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় এর কোনো বিকল্প নেই। অযথা দূতাবাসে দূতাবাসে ছুটোছুটি করে, গোপন সভা করে সাম্প্রদায়িক শক্তিকে উসকানি দিয়ে কোনো লাভ নেই। বিদেশি শক্তি আপনাদের ক্ষমতায় বসাতে পারবে না। জনগণের কাছে যান।’

আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেখ কুদরত-ই-এলাহী কাজল সম্মেলনে সভাপতি ছিলেন।

ads

যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য সাহাবুদ্দিন ফরাজী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।

ad

পাঠকের মতামত