15304

ধর্মীয় উগ্রবাদ ফ্রাংকেনস্টাইনের দানবের মতো : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা আগেও করেছে এখনো করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘ধর্মীয় উগ্রবাদ ফ্রাংকেনস্টাইনের দানবের মতো। সুতরাং এখন যাদের পৃষ্ঠপোষকতা করছেন একদিন তাদের আঘাতে আপনাদের জর্জরিত হতে হবে।’

আজ বুধবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ads

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা মনে মনে বিএনপিও চায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনৈতিক কারণেই তাদের কোনো আগ্রহ নেই। কারণ বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে তাদের যোগসাজশে খুনিদের পুরস্কৃত করা হয়েছিল।’

বিএনপি ভাস্কর্য নিয়ে কথা বলতে চায় না- এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যখন প্রতিক্রিয়াশীল চক্র চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তখনো বিএনপির নেতারা প্রকাশ্যে কথা বলতে চায় না।’

ads

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, প্রকারান্তরে বিএনপি তাদের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানকেই স্পষ্ট করেছে। বিএনপি প্রকাশ্যে কিংবা গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই সমর্থন দিচ্ছে। তারা ভিতরে ভিতরে উসকে দিচ্ছে আবার পৃষ্ঠপোষকতাও করছে, সুতরাং বিএনপি মহাসচিব কোন মুখে উগ্রবাদীদের বিরোধিতা করবেন?

‘দেশের রাজনীতি এখন দুই ধারায় বিভক্ত, একদিকে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি, অপরদিকে দেশের অব্যাহত এগিয়ে যাওয়ার গতিকে রুদ্ধ করার রাজনীতি। একদিকে ৭১-এর অসাম্প্রদায়িক চেতনা, অপরটি ৪৭-এর সাম্প্রদায়িক চেতনা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরির নিরলস প্রয়াস চলছে তখন চিরাচরিত পাকিস্তানি ভাবধারায় দেশকে পিছিয়ে দেওয়ার এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।

মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী যে রাজনৈতিক বলয় রয়েছে দেশে, বিএনপি তার প্রকাশ্য-অপ্রকাশ্য পৃষ্ঠপোষক হচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে এখন স্পষ্ট হয়ে গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও হুঁশিয়ার করে বলেন, লাখো শহিদের অমর বীরত্বগাঁথায় নির্মিত এ দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না।

ad

পাঠকের মতামত