বাংলাদেশ ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশ থেকে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি আরবকে অনুরোধ করেছেন। আজ রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপে তিনি এ অনুরোধ করেন।
এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী দাম্মাম রুটে দ্রুত ফ্লাইট চালু করতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী অনুরোধও করেন বলে জানা গেছে। বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ বিমানের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রোববার বিকেলে টেলিফোনে কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনলাপে পররাষ্ট্রমন্ত্রী ইকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা দেওয়া সংক্রান্ত সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। সেইসঙ্গে বিমানের ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও দেন তিনি।
উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারির মধ্যে একাধিকবার টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। এরই ধারাবাহিকতায় আজ রোববার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে কথা বললেন।











