কুমিল্লা প্রিভেইল কো-অপারেটিভ সোসাইটির প্রকল্প পরিচালক কাইয়ূমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা প্রিভেইল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রকল্প পরিচালক মোঃ কাইয়ুম মোল্লার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এবিষয়ে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মৃত রফিয়ত উল্লাহ মজুমদারের ছেলে মোঃ জাকির হোসেন মজুমদার বাদী হয়ে মোঃ কাইয়ুম মোল্লা সহ আরও ৪জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দেয়।
অভিযোগ সূত্র্রে জানা যায়, প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক কাইয়ূম অধিক মূনাফার লোভ দেখিয়ে ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে শুরু করে ২০১৩ সালের মার্চ পর্যন্ত প্রায় ৪দফায় ১০লক্ষ টাকা জাকিরের কাছ থেকে আদায় করে। সেসময় মামলার অন্যান্য বিবাদী আলী আহম্মদ মোল্লা, লাইলী, আবু তাহের মজুমদার, দিলারা বেগম সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। এপর্যন্ত ২০হাজার টাকার একটি চেক পাওয়া গেলেও বর্তমানে কাইয়ূম সহ অন্যান্যরা জাকিরের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে প্রতারণা শুরু করে। সামাজিক ভাবে মিমাংসা করার চেষ্টা করা হলেও কোন ধরনের ফলাফল না পেয়ে চলতি বছরের জুলাই মাসে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এস আই মোঃ রোকনুজ্জামান জানায়, বিষয়টি আমি অবগত আছি। উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।
এবিষয়ে কাইয়ূম মোল্লার বক্তব্য নেয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।










