বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তন ভেঙ্গে আধুনিক টাউন হল তৈরী করা হবে: এমপি বাহার
মাইনুল হক: কুমিল্লা মহানগরীর টাউন হলের বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তন কে আধুনিক নির্মাণ শৈলীতে দৃষ্টি নন্দন ভবন নির্মাণের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তনের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানের শুরুতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷
প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, কুমিল্লা মহানগরীর টাউন হলের বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তন কে ভেঙ্গে আধুনিকায়ন করা হবে। সে জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন।
মতবিনিময় সভায় তত্ববধায়ক স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া নতুন নকশায় টাউন হল ও বীরচন্দ্র পাঠাগারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় জানানো হয় নতুন স্থাপনায় পুরোনো ফ্লেবার রেখেই নতুন আদলে ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্নভাবে তৈরী করা হবে। যেখানে একদিক দিয়ে প্রবেশ ও অন্য দিক দিয়ে প্রস্থানের ব্যবস্থা করা হবে। থাকবে দুটি বেজমেন্ট। যেখানে অন্তত ৭০ টি গাড়ি পার্কিং করা যাবে। আর অন্তত ৬০৫ জনের আসনের ব্যবস্থা করা হয়েছে। তবে মতবিনিময় সভায় উপস্থিত সবাই আসন সংখ্যা আরো বাড়ানোর পরামর্শ দেন।
এদিকে স্লাইড শোতে দেখানো হয়, রফিকুল ইসলাম মুক্ত মঞ্চ ও শহীদ মিনারসহ সবকিছুতেই একটা আধুনিকতার ছোঁয়া থাকবে। এখানে পূর্ব ও পশ্চিম থেকেও টাউনহলের সৌন্দর্য্য উপভোগ করা যাবে।









