ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান কেদার লেলে
ডেস্ক নিউজ: ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) বর্তমান সিইও এবং এমডি কেদার লেলেকে কম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কামরান বকরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০১২ সালে দায়িত্ব গ্রহণ করে প্রায় আট বছর ধরে নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে কম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কামরান বকর।
নতুন চেয়ারম্যান নির্বাচনে গত মঙ্গলবার কম্পানির পরিচালনা পর্ষদের ১৮০তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কেদার লেলেকে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ‘চেয়ারম্যান’ নির্বাচিত করা হয়। কেদার লেলে ২০১৭ সালের ১ জুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে যোগ দেন। এর ছয় মাস পর ২০১৮ সালের ১ জানুয়ারি তাঁকে কম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়। তিনি এখন একই সঙ্গে কম্পানির চেয়ারম্যান এবং এমডির দায়িত্ব পালন করবেন। লেলে বিদেশি বিনিয়োগকারীদের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি।









