বঙ্গবন্ধু বাঙালি জাতির আলোকবর্তিকা: আবদুস ছালাম
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শিক্ষাবার্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুঞ্জয়ী, বাঙালি জাতির আলোকবর্তিকা। যার আলোয় বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে স্বমহিমায় আলোকিত। বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির হৃদয়ে চির জাগ্রত থাকবেন যুগ থেকে যুগান্তর। শনিবার (১৫ আগস্ট) সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় তিনি একথা বলেন।
প্রফেসর আবদুস ছালাম ভাষণের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, রাজনীতির মহাকবি, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ’৭৫ এর ১৫ আগস্ট হায়েনাদের হাতে নির্মমভাবে শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মচারী সমিতির সভাপতি আবদুল খালেকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড.আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী, স্কুল পরিদর্শক প্রফেসর আজারুল ইসলাম, উপ-পরিচালক (হি: নি) মো.ছানাউল্লাহ প্রমুখ।
এসময় শিক্ষাবোর্ড সচিব প্রফেসর নূর মোহাম্মদ বলেন, মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে হত্যা করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে। বাঙালি জাতিকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করতে। তারা সফল হয়নি। পক্ষান্তরে হায়েনার দল আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে। অন্ধকারের কোনো অপশক্তি এ গতি রোধ করতে পারবে না।
বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল প্রত্যুষে শিক্ষাবোর্ড চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পস্তবক অর্পণ, ৭৫ এর শহীদদের স্বরণে বাদ জোহর বোর্ড মসজিদে মিলাদ দোয়া অনুষ্ঠান।









