10725

জলাবদ্ধতা নিরসনে জরুরি সভা ডেকেছেন স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক: নদ-নদীর পানির উচ্চতা বাড়ায় ঢাকা নগরী থেকে স্লুইচ গেটের মাধ্যমে স্বাভাবিকভাবে পানি বের করা সম্ভব হচ্ছে না জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, কেবল পাম্পিং করে পানি বের করতে হচ্ছে।

পাশাপাশি রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে বুধবার (২১ জুলাই) জরুরি সভা ডেকেছেন স্থানীয় সরকার মন্ত্রী।

ads

টানা বৃষ্টির মধ্যে দু’দিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা শহরে জলাবদ্ধতা নিয়ে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, উজান থেকে আসা পানির প্রবাহ বেশি থাকায় নদ-নদীর পানির উচ্চতা বাড়ছে। এ কারণে ঢাকা নগরী থেকে স্লুইচ গেটের মাধ্যমে স্বাভাবিক বা প্রাকৃতিক উপায়ে পানি বের করা সম্ভব হচ্ছে না। এ গেটগুলো খুলে দিলে নগরী থেকে পানি বের না হয়ে নদ-নদীর পানি ঢাকা শহরে প্রবেশ করবে। এতে জলাবদ্ধতা আরও বাড়বে। তাই শুধু পাম্পিং (আর্টিফিশিয়াল পদ্ধতি) করে পানি বের করতে হচ্ছে।

ads

তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসার তিনটি পাম্পিং স্টেশন কমলাপুর, রামপুরা এবং কল্যাণপুর থেকে ১৭টি পানির পাম্পসহ পানি উন্নয়ন বোর্ডের অনেকগুলো পানির পাম্প দিয়ে শহর থেকে সেচের মাধ্যমে পানি বের করা হচ্ছে। প্রতিটি পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে পাঁচ হাজার লিটার পানি বের করা সম্ভব হচ্ছে, যা অতিমাত্রায় বর্ষণের ফলে জমানো পানির তুলনায় অনেক কম। সেজন্য নগরীর বিভিন্ন জায়গায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে ঢাকার সমস্ত জলাশয়গুলোতে পানির ধারণ ক্ষমতা ও প্রবাহ বাড়ানোর পাশাপাশি ঢাকার আশপাশের নদ-নদীগুলো ড্রেজিং করে পানির ধারণ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই এবং এ নিয়ে তার মন্ত্রণালয় কাজ করছে।

বুধবার আহ্বান করা সভা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, রাজউক, মেট্রোরেল কর্তৃপক্ষ, বিআরটিএ, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সভায় যোগদান করবেন। এ সময় সব পক্ষের মতামত নিয়ে রাজধানীসহ বিভিন্ন শহরের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে।

ad

পাঠকের মতামত