কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন) মহোদয়ের তত্ত্বাবধানে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের পরিচালনায় রমজানের ২৬তম দিনে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাজগঞ্জ ও রাণীর বাজার এবং সদর দক্ষিণ উপজেলার টমছম ব্রিজ বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় বাজারে মাংসের দোকানে মূল্য তালিকা না রেখে ইচ্ছেমাফিক দামে মাংস বিক্রি করা এবং দৃশ্যমান স্থানে নিত্যপণ্যের মূল্যতালিকা না রেখে কারসাজি করে মূল্যবৃদ্ধি করার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ১১,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মুদির দোকানগুলোতে মসলা জাতীয় দ্রব্যের পাইকারী ক্রয়ের রসিদ যাচাই করা হয়। এ সকল পণ্যে কেউ কারসাজি করে দাম বাড়াচ্ছেন কিনা তা যাচাই করা হয়। আজকের অভিযানে এ সকল বাজারে মাইকের মাধ্যমে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি না করতে, পাইকারি ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হয়। প্রতিটি নিত্য-প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ ও সরবরাহ রয়েছে ফলে আতঙ্কিত হয়ে ভোক্তা সাধারণকে অতিরিক্ত পণ্য ক্রয় না করতে ও ব্যবসায়ীদেরকে কারসাজি করে পণ্যের মূল্য বৃদ্ধি না করতে অনুরোধ করা হয়। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়। সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন। কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেন। জনস্বার্থে এ তদারকি অভিযান অব্যাহত থাকবে।









