করোনা মোকাবেলায় অসহায়দের পাশে পাঁচথুবী ইউপি চেয়ারম্যান বাহালুল
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অসহায় মানুষরা পড়েছেন সবচেয়ে বড় বিপাকে। বন্ধ হয়ে গেছে উপার্জনের পথ। তাই পরিস্থিতি মোকাবেলায় চলমান দুঃসময়ে এলাকার কর্মহীন অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল। বুধবার ইউনিয়ন পরিষদের উদ্যেগে এলাকার প্রায় ৬ শতাধিক অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা ঝুঁকি না কমা পর্যন্ত পরিষদের পাশাপাশি ব্যক্তিগত উদ্যেগে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান বাহালুল।
উল্লেখ্য, বাংলাদেশ সহ বিশ্বব্যাপী করোনা সংকট সৃষ্টি হলে তৃণমূলের এ জনপ্রতিনিধি গত ১৪ মার্চ থেকে এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ব্যাপক হারে বিভিন্ন সচেতনতামূলক সামগ্রী বিতরণ শুরু করেন। করোনার সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে তিনি ৩ হাজার পিস সাবান,২ হাজার পিস মাস্ক ও ১ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দিয়ে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছেন।
বাহালুল চেয়ারম্যান বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের ও কুমিল্লার গণমানুষের নেতা হাজী বাহার এমপির একজন কর্মী হিসেবে দেশের এ মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অন্যতম প্রধান কাজ। করোনা ভাইরাসের শংকার কারণে সকল কর্মজীবিদের আয় কমে গেছে। এতে করে নিম্নজীবী মানুষের আয় কমে গেছে।
তাদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। এই দুঃসময়ে নানামুখী উদ্যোগ নিয়ে নিম্নজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে। অস্বচ্ছল মানুষের সহায়তায় সমাজের বিত্তবান শ্রেণীকে এই দুর্দিনে পাশে থাকারও আহবান জানিয়ে বলেন, মহামারি প্রতিরোধে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে।











