বরুড়া থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল
নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
ইফতারের আগে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাফিজ, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম, ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ডেইলি প্রেজেন্ট টাইমসের প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল, বরুড়া জুয়েলার্স সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নূরু, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হাসেম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফারুকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাসির উদ্দীন এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের। শুভেচ্ছা বক্তব্য দেন বরুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও কর্মজীবনে কাজে লাগাতে পারলে সমাজ আরও সুন্দর ও শৃঙ্খলিত হবে।” তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখে। সমাজের অসঙ্গতি ও অনিয়মের বিরুদ্ধে কলমকে শক্তিশালী করার পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন ও মানবিক মূল্যবোধ এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
সবশেষে বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদারের বক্তব্যের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।









