প্রথমবার ইসরায়েল সফরে যাচ্ছেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: আগামী মার্চ মাসের শেষের দিকে প্রথমবারের মতো সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন স্বঘোষিত স্বাধীন রাষ্ট্র সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দিরহমান মোহাম্মদ আবদুল্লাহি। গত বছরের ডিসেম্বরে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন এই অঞ্চলটিকে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রথমবার ইসরায়েল সফরে যাচ্ছেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট
সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দিরহমান মোহাম্মদ আবদুল্লাহি
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আবদুল্লাহি তার প্রথম ইসরায়েল সফরকালেই আনুষ্ঠানিকভাবে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে পারেন। উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, পরবর্তীতে মরক্কো এবং সুদানও এতে যোগ দেয়। পাশাপাশি, দুই পক্ষের কর্মকর্তারা একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছেন এবং সোমালিল্যান্ড নিজ ভূখণ্ডে ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপনেরও ইঙ্গিত দিয়েছে।
গত বছরের ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিলে আঞ্চলিক উত্তেজনার সৃষ্টি হয়। সোমালিয়ার অভিযোগ, সংযুক্ত আরব আমিরাতের প্রভাবে ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে। এর জেরে উপসাগরীয় এই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সোমালিয়া। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েল ও সোমালিল্যান্ড উভয়েরই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সোমালিয়ার উত্তর উপকূলে এডেন উপসাগরের তীরে অবস্থিত সোমালিল্যান্ড ১৯৯১ সালে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করলেও এতদিন আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। বর্তমানে সোমালিল্যান্ড কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের স্বীকৃতি চাইছে এবং এর বিনিময়ে দেশটিকে খনিজ সম্পদ ও সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকারের প্রস্তাব দিয়েছে। কিছু বিশ্লেষকের ধারণা, ইসরায়েলকে অনুসরণ করে সংযুক্ত আরব আমিরাতও শিগগিরই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিতে পারে।











