52931

রিয়াদে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (বুধবার) রিয়াদের রাজকীয় প্রাসাদে, সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে লি প্রথমে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উষ্ণ শুভেচ্ছা জানান।

বৈঠকে লি ছিয়াং বলেন, চীন তার মধ্যপ্রাচ্য নীতিতে সবসময়ই সৌদি আরবকে আগ্রাধিকার দিয়ে এসেছে। তিনি উল্লেখ করেন দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রেখে সম্পর্কের উন্নয়নে কাজ করছে।

ads

তিনি সৌদি আরবকে সমর্থন করতে, দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে এবং একে অপরের উন্নয়নকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসাবে বিবেচনা করার জন্য চীনের প্রস্তুতির কথাও জানান।

এদিকে মোহাম্মদ বিন সালমান সৌদি-চীন সম্পর্কের উন্নয়নে অগ্রগতির কথা স্বীকার করেছেন। তিনি চীনকে নির্ভরযোগ্য ব্যাপক কৌশলগত অংশীদার হিসেবে চিহ্নিত করেছেন।

ads

লি কিয়াং ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যান। তিনি সৌদি যুবরাজের সঙ্গে চীনা-সৌদি যৌথ কমিটির চতুর্থ বৈঠকে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, চীন সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর প্রায় ১০৬ বিলিয়ন ডলার ছিল। গত বছরের মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করে। এই ঘটনার পর প্রথমবার চীনের উচ্চ পর্যায়ের কেউ সৌদি সফর করলেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ad

পাঠকের মতামত