ট্রাম্পের সঙ্গে বিতর্কে যাবেন না কমলা
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বেশ কিছু দিন ধরেই উত্তেজনা চলছে দেশটিতে। এরই মধ্যে ডেমোক্রেট দলের ভাইস প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে বিতর্কের জন্য আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৪ সেপ্টেম্বর ফক্স নিউজে এ বিতর্ক প্রতিযোগিতার প্রস্তাব দেন ট্রাম্প। তবে ট্রাম্পের সঙ্গে এ বিতর্কে যাবেন না বলে জানিয়েছেন কমলা। রোববার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যেভাবে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল সেভাবেই কমলার সঙ্গে বিতর্কের আয়োজন করতে চাচ্ছেন ট্রাম্প। যদিও সেই বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হন বাইডেন। শেষ পর্যন্ত বাইডেন আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। আগামী ১০ সেপ্টেম্বর এবিসি নিউজে ট্রাম্প ও বাইডেনের মধ্যে দ্বিতীয় বিতর্ক প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্প এবিসি নিউজে বিতর্ক প্রতিযোগিতা থেকে সরে এসে ফক্স নিউজে করতে চান। কারণ ট্রাম্পের সমর্থকদের কাছে ফক্স নিউজের জনপ্রিয়তা বেশি। এদিকে শুক্রবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে বলেছেন, তিনি বাইডেনের সঙ্গে বিতর্কের দিন ব্যস্ত থাকবেন বলে জানান। ওইদিন তিনি পেনসিলভানিয়া প্রচারণা চালাবেন বলে জানিয়েছেন। ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমেক্রেট থেকে কে প্রার্থী হবেন তার চূড়ান্ত সিদ্ধান্তে মনোনীত হয়েছেন কমলা হ্যারিস। ফলে তিনিই ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন।
ট্রাম্পের সঙ্গে বিতর্কের ব্যাপারে শনিবার এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে কমলা বলেছেন, আগামী ১০ সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে বিতর্ক প্রতিযোগিতায় তিনি অংশ নেবেন। এর মাধ্যমে তিনি ট্রাম্পের ৪ সেপ্টেম্বরের বিতর্ক প্রতিযোগিতার আহ্বানকে না করে দিয়েছেন। কমলা হ্যারিসের মুখপাত্র মিসেল টেইলর বলেছেন, আগামী ১০ সেপ্টেম্বরই ট্রাম্পের সঙ্গে বিতর্কের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। শনিবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেছেন, কমলা হ্যারিস ভয় পেয়েছেন এজন্য তিনি ৪ সেপ্টেম্বর বিতর্ক প্রতিযোগিতা করতে চান না। কমলার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই ট্রাম্প তার সঙ্গে বিতর্কে জড়িয়েছেন।









