রুশ টিকাকে একে-৪৭ রাইফেলের সঙ্গে তুলনা করলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা ‘স্পুটনিক-৫’-কে বিশ্বখ্যাত কালাশনিকভ অ্যাসল্ট বা একে-৪৭ রাইফেলের মতোই নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (৬ মে) রুশ উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গলিকভার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (৭ মে) বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিডিও কনফারেন্সে পুতিন বলেন, দশক ধরে ওষুধ উৎপাদনে আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি তা এখনও আধুনিক ও উন্নত। এতে সন্দেহ নেই যে এগুলোই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং নিরাপদ।
পুতিন আরও বলেন, রাশিয়ার ভ্যাকসিন একে-৪৭ এর মতোই নির্ভরযোগ্য। এই কথা আমরা বলছি না, এই কথা বলেছেন ইউরোপীয় এক বিশেষজ্ঞ। তাই আমিও মনে করি, তিনি একেবারেই সঠিক কথা বলেছেন।
রুশ কর্তৃপক্ষ এক ডোজ স্পুটনিক ভ্যাকসিন প্রয়োগের অনুমতির দিনই পুতিন এই মন্তব্য করলেন। এই এক ডোজের টিকার নামকরণ করা হয়েছে স্পুটনিক লাইট। অবশ্য এক ডোজের ভ্যাকসিনটির চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল এখনও শুরু হয়নি।
গত বছর চূড়ান্ত পরীক্ষার আগেই স্পুটনিক ভি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ায় সমালোচনার মুখে পড়েছিল রাশিয়া। এ ছাড়া করোনা মোকাবিলায় এখন পর্যন্ত নিজ দেশে উৎপাদিত চারটি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটি।
চলতি বছর ফেব্রুয়ারিতে দ্য লানসেট জার্নালে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর এবং কার্যকারিতার হার ৯১ শতাংশ।
এদিকে গত ২৭ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি বাংলাদেশে রাশিয়ার টিকা স্পুটনিক-ফাইভ এর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানিয়েছেন, দেশেই উৎপাদন করা হবে এই টিকা। আগামী মাসেই ৪০ লাখ ডোজ পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।










