কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, টিসিবির ডিলারসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
নিউজ ডেস্ক: রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং টিসিবির পণ্য প্রকৃত ওজনে ও ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিত করতে আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং কুমিল্লা জেলাপ্রশাসনের সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে সদরের দুর্গাপুর বাজার এবং বুড়িচং উপজেলার ময়নামতি সাহেবের বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কারচূপি করা, মেয়াদ উত্তীর্ণ মসলা বিক্রি করার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ০৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ১৭,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে বিক্রিত টিসিবির ট্রাকসেলও মনিটরিং করা হয়। এ সময় ওজনে কম দেওয়ায় টিসিবির ডিলার মেসার্স আয়ান এন্টারপ্রাইজকে ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং তার ডিলারশীপ বাতিলের সুপারিশ করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।









