করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করা হবে: তাজুল ইসলাম
নিউজ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, কোভিড-১৯ মোকাবেলা এবং একই সঙ্গে উন্নয়ন কাজ চলমান রাখার জন্য স্থানীয় সরকার বিভাগের অধীনে সকল প্রতিষ্ঠানের জন্য করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করা হবে।
রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে চলমান করোনা সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে দেশের সকল সিটি করপোরেশনের মেয়র এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত ভার্চুয়াল মতবিনিময় সভায় আজ বৃহস্পতিবার এ কথা জানান তিনি।
তাজুল ইসলাম বলেন, করোনাভাইরাস পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে। এটি খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না। তছাড়া এ রকমই আভাস দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। এ অবস্থায় স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- সিটি করপোরেশন, এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদসহ সকল প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ড যাতে চলমান রাখা যায়, সেজন্য একটি করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, সেই গাইডলাইন অনুযায়ী করোনা মোকাবেলা করার পাশাপাশি কীভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প- বিশেষ করে ইনকাম জেনারেটিং এবং উৎপাদনশীল কার্যক্রম অব্যাহত রাখা যায় তার একটা পরিকল্পনা থাকবে।
অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানসমূহ লকডাউন চলাকালেও সচল রাখা সরকারের সঠিক সিদ্ধান্ত উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মহামারিকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে তিনি তার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম অব্যাহত রেখেছেন।
দেশের যেকোনো দুর্যোগ-দুর্দিন এবং দুঃসময়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের পাশে থাকে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের একটি নিবিড় সম্পর্ক ও যোগাযোগ থাকে। সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে যেকোনো প্রতিকূলতা মোকাবেলা করতে পারে জনপ্রতিনিধিরাই।
এ সময় সকল মেয়র বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী যাতে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নগরীর সমস্ত ড্রেন ও খালসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।
এদিন অনলাইন মতবিনিময় সভায় অংশ নেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রসহ দেশের ১২টি সিটি করপোরেশনের প্রতিনিধি।











