জানাজায় মানুষের ঢল বাবা-মায়ের পাশে শায়িত মতিন খসরু
নিজস্ব প্রতিবেদক: সুপ্রীমকোর্ট আইনজীবি সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপির ৫ম নামাজে জানাজা শেষে তার গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাদ আছর মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় বাবা-মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের জানাজায় অংশ নিতে এবং কফিনে শ্রদ্ধা জানাতে করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সমবেত হয় বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ।
এর আগে বিকেল ৪টায় ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নেতার ৪র্থ জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরে কুমিল্লা ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এই সংসদ সদস্যের মরদেহ এসে পৌছলে বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ মাঠে ৩য় নামাজে জানাজা সম্পন্ন হয়। দুপুর দুইটায় তার জানাজায় আওয়ামীলীগ, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জানাজায় মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পন করেন নেতাকর্মীরা।
১৪ এপ্রিল বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মতিন খসরু। তার বয়স হয়েছিল ৭১ বছর। ব্যক্তি জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মতিন খসরু কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে ১৯৯১-১৯৯৬, ১৯৯৬-২০০১, ২০০৯-২০১৪, ২০১৪-২০১৮ ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল মতিন খসরু।
তিনি আইনমন্ত্রী থাকাকালে ১৯৯৬ সালে সংবিধান ও মানবতাবিরোধী কালো আইন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা করেন। যার ধারাবাহিকতায় পরবর্তীকালে সুষ্ঠু বিচারের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির আদেশ কার্যকর করা হয়।











