52821

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় মঈনের

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে গত মাসে বিদায় জানিয়েছেন ডেভিড মালান। এবার সাবেক সতীর্থর পথ অনুসরণ করলেন মঈন আলি। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সাবেক শীর্ষ ব্যাটারের মতো জাতীয় দলকে বিদায় জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার। বিদায়ের বিষয়টি ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে নিশ্চিত করেছেন মঈন।

জাতীয় দলের হয়ে কেন আর খেলবেন না তার ব্যাখ্যা দিয়েছেন মঈন। সংবাদ মাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে বাঁহাতি ব্যাটার বলেছেন,‘এখন আমার বয়স ৩৭ বছর। অস্ট্রেলিয়া সিরিজে ডাক পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ম্যাচ খেলেছি।

ads

আমাকে ব্যাখ্যা করা হয়েছে সময়টা এখন ভবিষ্যৎ প্রজন্মের। আমার অধ্যায় শেষ করার জন্য তাই মনে করেছি এটাই সঠিক সময়।’

এতে দীর্ঘ ১০ বছরের ক্যারিয়ারের সমাপ্তি হলো মঈনের। ক্যারিয়ারে অনেক দলের হয়ে অনেক ট্রফি জিতেছেন তিনি।

ads

তবে তার কাছে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জয়ের মুহূর্ত স্মরণীয় বলে জানিয়েছেন তিনি। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ব্যাটার বলেছেন,‘অ্যাশেজ এবং দুটি বিশ্বকাপ জয় ছিল দুর্দান্ত। ব্যক্তিগতভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে জয়ের হ্যাটট্রিকের মুহূর্তটাও দুর্দান্ত। এ ছাড়া টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে দ্রুততম ফিফটি করতে পেরে আমি গর্বিত (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ বলে)।’
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মঈনের।

এরপর তিন সংস্করণে ইংল্যান্ডের হয়ে ২৯৮টি ম্যাচ খেলেছেন তিনি। সব মিলিয়ে রান করেছেন ৬৬৭৮। ২৮ ফিফটির বিপরীতে আছে ৮ সেঞ্চুরি। আর অফস্পিনে সবমিলিয়ে উইকেট নিয়েছেন ৩৬৬টি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার।
খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনে কোচিং পেশায় যুক্ত হওয়ার কথা জানিয়েছেন মঈন। তিনি বলেছেন,‘আরো কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব। কারণ খেলাটি এখনো ভালোবাসি। তবে কোচিং এমন এক পেশা যার সঙ্গে যুক্ত হতে চাই। এখানে সেরা হতে চাই। আশা করি, বাজের (ব্রেন্ডন ম্যাককালাম)কাছে অনেক কিছু শিখতে পারব।’

ad

পাঠকের মতামত