বঙ্গবাজারে অগ্নিকান্ড: ২৫ লক্ষ টাকা সহায়তার ঘোষণা এমপি বাহার, সিটি মেয়র ও দোকান মালিক সমিতির
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব ব্যবসায়ীদের ২৫ লক্ষ টাকা সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, মেয়র আরফানুল হক রিফাত ও কুমিল্লা দোকান মালিক সমিতি।
গতকাল বুধবার নগরীর ফাইন্ড টাওয়ারে আয়োজিত কুমিল্লা দোকান মালিক সমিতির ইফতারে প্রধান অতিথির বক্তব্যে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে হাজী বাহার এমপি ব্যক্তিগতভাবে ১০ লাখ টাকার সহায়তা প্রদানের ঘোষনা দেন। পাশপাশি কুমিল্লা দোকান মালিক সমিতিকে আরও ১০ লাখ টাকা এবং কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতকে ৫ লাখ টাকা সহায়তা প্রদানের আহবান জানান। এসময় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও মেয়র আরফানুল হক রিফাত এমপি বাহারের আহবানে সাড়া দিয়ে এ সহায়তা প্রদানে সম্মতি জানান।
এমপি বাহার ,মেয়র রিফাত ও দোকান মালিক সমিতির এ ২৫ লাখ টাকা সহায়তা দোকান মালিক সমিতির কেন্দ্রিয় নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হবে। তারা বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীয়ের যেখানে প্রয়োজন সেখানে এ সহায়তার অর্থ ব্যায় করবেন।
গতকাল বুধবার (৫ মার্চ) বিকেলে কুমিল্লা দোকান মালিক সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এ সহায়তা প্রদানের ঘোষনা দেন।
কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি মো. সানাউল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি রেজাউল ইসলাম মন্টু, মহাসচিব মো. জহিরুল ইসলাম । এসময় জেলা পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল সহ রাজনৈতিক ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ অংশ নেন।











