কোহলি-দু প্লেসি ঝড়ে উড়ে গেলো মুম্বাই
স্পোর্টস ডেস্ক: ৭ উইকেটে ১৭১ রান তুলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তার পরেও সেই পুঁজি যথেষ্ট হলো না। ঝড়ো ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে ২২ বল হাতে রেখে সেটি ছুঁয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। তাতে আইপিএলে ৮ উইকেটের দাপুটে জয়ে টুর্নামেন্ট শুরু করেছে বিরাট কোহলি-ফাফ দু প্লেসিরা।
সংক্ষিপ্ত স্কোর: মুম্বাই ১৭১/৭
বেঙ্গালোর: ১৬.২ ওভারে ১৭২/২
ম্যাচসেরা: ফাফ দু প্লেসি।
অবশ্য দুই ওপেনার কোহলি-দু প্লেসি যেভাবে ব্যাট করছিলেন। তাতে সবগুলো উইকেট হাতে রেখেই বেঙ্গালোরের জয়ের সম্ভাবনা ছিল। ১৪.৫ ওভারে দলের ১৪৮ রানে সাজঘরে ফিরেছেন দু প্লেসি। ফেরার আগে ৪৩ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭৩ রানের বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন। ওপেনিং জুটিতেই তারা ৮৯ বলে ১৪৮ রান যোগ করেছেন।
দু প্লেসির আউটের পর নতুন নামা দিনেশ কার্তিকও ফিরেছেন শূন্য হাতে। শেষ পর্যন্ত প্রান্ত আগলে খেলতে থাকা কোহলি ১৬.২ ওভারে নিশ্চিত করেছেন দলের জয়। ঝড়ো ফিফটি পাওয়া কোহলি ৪৯ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৮২ রানে অপরাজিত ছিলেন। গ্লেন ম্যাক্সওয়েল ৩ বলে ১২ রানের ক্যামিও ইনিংসে জয়টাকে আরও ত্বরান্বিত করেছেন।
একটি করে উইকেট নিয়েছেন আরশাদ খান ও ক্যামেরন গ্রিুন।
টস হেরে শুরুতে ব্যাট করে নামা মুম্বাই শুরুতেই চাপে পড়ে যায় ৩ উইকেট হারিয়ে। ২০ রানের মধ্যে হারায় ইশান কিশান (১০), ক্যামেরন গ্রিন (৫) ও রোহিত শর্মার (১) উইকেট। ৪৮ রানে বিদায় নেন সূর্যকুমার যাদবও (১৫)। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় খুব বেশি দূর যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছিল না। সেই জায়গায় পুরো ইনিংসটা সামাল দিয়েছেন তিলক বর্মা। ৪৬ বলে তার অপরাজিত ৮৪ রানের ইনিংস বড় স্কোর এনে দিয়েছে। তাতে ছিল ৯টি চার ও ৪টি ছয়ের মার। তার ব্যাটে ভর করেই ৭ উইকেটে ১৭১ রান করেছে মুম্বাই।
বেঙ্গালোরের হয়ে ৩২ রানে দুটি উইকেট নিয়েছেন করণ শর্মা। একটি করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ, রিস টপলি, আকাশ দ্বীপ, হার্শাল প্যাটেল ও মাইকেল ব্রেসওয়েল।










