রমজানের শুভেচ্ছা জানালেন সালমান ও এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলিম নেতাদের মধ্যে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। শুক্রবার (১ এপ্রিল) রাতে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান তারা।
এক বিবৃতিতে সৌদি বাদশাহ মহান আল্লাহর কাছে সবার ভালো কাজ ও ইবাদত কবুল করার প্রার্থনা করেন। এ ছাড়া মুসলিম বিশ্বের অগ্রগতি ও উন্নতি কামনা করেন তিনি। মুসলিম দেশগুলোর নেতারাও সৌদি বাদশাহকে পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আরব ও উপসাগরীয় দেশের রাষ্ট্রপ্রধানরা সৌদি বাদশাহর সঙ্গে বিশেষ ফোনালাপে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে এক বিবৃতিতে সারা বিশ্বের মুসলিমদের ভুভেচ্ছা জানিয়ে এরদোয়ান বলেন, পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। এ মাসের প্রথম অংশ রহমত, মধ্যভাগ মাগফিরাত ও শেষ ভাগ নাজাত। পবিত্র এ মাসের প্রথম রোজা পালনে আমরা প্রথম তারাবি ও সাহরি পালন করব। মহান আল্লাহ রমজান মাসের এ বরকত পুরো মানবজাতির মধ্যে ছড়িয়ে দিন।
সূত্র : সৌদি গেজেট ও আনাদোলু এজেন্সি।











