23294

টিকার সংকট হবে না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: দেশে করোনা ভ্যাকসিনের সংকট তীব্র আকার ধারণ করেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ নিতে এসে অনেকেই ফেরত যাচ্ছেন। আদৌ এই টিকার দ্বিতীয় ডোজ পাওয়া যাবে কিনা, তার কোনো নিশ্চয়তা নেই। তবে এমন পরিস্থিতিতেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, টিকার কোনো সংকট হবে না।

আজ মঙ্গলবার (৮ জুন) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ads

ওবায়দুল কাদের বলেন, সরকারের পক্ষ থেকে টিকা নিয়ে আসার ‘জোর প্রচেষ্টা’ অব্যাহত আছে। শিগগিরই তাতে সফলতা দেখা যাবে। তাই দেশে টিকার কোনো অভাব হবে না। এ ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

করোনা মোকাবেলা ও টিকা সঙ্কট নিয়ে সরকারের অন্ধ সমালোচনা করছে বিএনপি- উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার অত্যন্ত সফলতার সাথে ভাইরাসটি মোকাবেলা করেছে, করে যাচ্ছে। কিন্তু বিএনপি সেটা দেখছে না। তারা সরকারের সমালোচনা করছে, অথচ নিজেরা মানুষের পাশে দাঁড়াচ্ছে না।

ads

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে যখন কোনো সংকট নেই, তখন গণঅভ্যুত্থানের ডাক দেয় বিএনপি। যারা আন্দোলনের মাধ্যমে নিজেদের চেয়ারপারসনকেই মুক্ত করতে পারে না, তারা ঘটাবে গণঅভ্যুত্থান! এটা হাস্যকর। গণতান্ত্রিক দেশে যে কেউ আন্দোলন করতেই পারে, তবে আন্দোলনের নামে যদি কোনো নৈরাজ্য সৃষ্টি করা হয়, তাহলে তা মোকাবেলা করা হবে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম এ সময় উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত