প্রধানমন্ত্রীর অনুদান পেলেন লোকশিল্পী সৈয়দ নূরুল আউয়াল
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে এককালীন ৫ লক্ষ টাকার অনুদান পেলেন কবি, গীতিকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভূক্ত কন্ঠশিল্পী, ৪ বার বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত লোকশিল্পী সৈয়দ নূরুল আউয়াল (তারামিয়া)।
জানা যায় দেশের প্রখ্যাত এই লোকশিল্পীর সুচিকিৎসা ও ভবিষ্যত সুরক্ষা হিসেবে প্রধানমন্ত্রী তার ব্যাক্তিগত ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান দিয়েছেন।
গতবছর এই লোকশিল্পীর হার্টে ব্লক ধরা পরে। পরবর্তীতে রিং পরানো হয়। এক সময় মঞ্চ, ও মাঠ ঘাট দাপিয়ে কৃষিগান প্রচার করা এই লোকশিল্পীর শারীরিক অবস্থার কথা প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের মাধ্যমে অবগত হন শেখ হাসিনা।
প্রসঙ্গত, সৈয়দ নূরুল আউয়াল (তারামিয়া) কৃষিভিত্তিক গান কবিতা লেখা ও প্রচারের জন্য ৪ বার বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার পেয়েছেন। বিষয়ভিত্তিক ও সুফীবাদ ঘরানার তার ৭টি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
তিনি কৃষি, মৎস, প্রাণি, পরিবেশ, সামাজিক সমস্যা, জীববৈচিত্র্য নিয়ে প্রায় ৫ হাজারেরও অধিক গান ও কবিতা লিখেছেন। কিশোরগঞ্জ জেলা সদরের ঐতিহাসিক বৌলাই পীর সাহেব বাড়ির কীর্তিমান এ সন্তান সিলেট তথা তরফ রাজ্য বিজয়ী হযরত শাহজালাল (র) এর অন্যতম সফরসঙ্গী সৈয়দ তাজউদ্দীন (র) এর অধস্থন পুরুষ।









