আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার রায় অবিলম্বে কার্যকরের দাবি
ডেস্ক নিউজ: প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসানউল্লাহ মাস্টারের ১৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মে) বিকেলে গাজীপুরের কাউনতিয়া পোড়াবাড়ী মাঠে গাজীপুর মহানগরের কাউনতিয়া সাংগঠনিক থানা এবং ১৯-২৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় বক্তারা শহীদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার রায় অবিলম্বে কার্যকর করার জোরালো দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আহসানউল্লাহ মাস্টারের সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আদর্শের কখনো মৃত্যু হয় না। শহীদ আহসানউল্লাহ মাস্টারও বঙ্গবন্ধুর আদর্শের সকল কর্মীর মাঝে বেঁচে থাকবেন চিরকাল।’
প্রতিমন্ত্রী শহীদ আহসানউল্লাহ মাস্টারকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা পদক স্বাধীনতা পুরস্কার-২০২১ প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। তিনি শহীদ আহসানউল্লাহ মাস্টারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা-বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপ-দফতর সম্পাদক রাহুল দাস, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সঞ্জিত মল্লিক বাবু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. মোশাররফ হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহজাহান মণ্ডল, নুর মোহাম্মদ মামুন, এহসানুল আলম ফরাজি, কামরুল, রাকিব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের আন্দোলন-সংগ্রাম এবং অধিকার নিশ্চিতকরণে শহীদ আহসানউল্লাহ মাস্টারের নাম চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি সততা ও আদর্শের ইতিহাস তৈরি করে গেছেন। তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।
বক্তারা আরও বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর, ২০০৪-এর ২১ আগস্ট এবং ২০০৪ সালের ৭ মে আহসানউল্লাহ মাস্টারের হত্যাকাণ্ড- একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করার জন্য এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। শহীদ আহসানউল্লাহ মাস্টার গাজীপুর মাটি ও মানুষের কল্যাণে যে অবদান রেখে গেছেন মানুষ তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে চিরদিন।
অনুষ্ঠানে গাজীপুর জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









