21341

আলেম নয়, ধরা হচ্ছে অপরাধীদের: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: কোনো আলেম বা রাজনৈতিক কর্মীকে ধরা হচ্ছে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যাদেরকে ধরা হচ্ছে তারা সবাই অপরাধী। এটা নিয়ে জল ঘোলা করা কিংবা প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। দেশজুড়ে চালানো তাণ্ডবের ভিডিও দেখে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি মতবিনিময় সভায় যুক্ত হয়েছেন।

ads

ওবায়দুল কাদের বলেন- যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ আছে। আগুন-সন্ত্রাসের ভিডিও দেখেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এখানে মায়াকান্না করার কিছু নেই। এছাড়া এ নিয়ে বিএনপির যে অভিযোগ, তা ভিত্তিহীন।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন- দেশের মানুষ দেখেছে, কীভাবে হরতালের নামে নিরীহ মানুষের ঘর-বাড়িতে আগুন দিয়েছে তারা। ভূমি অফিসে হামলা করে দলিল-দস্তাবেজ পুড়িয়ে ফেলা হয়েছে। আগুন লাগানো হয়েছে ওস্তাদ আলাউদ্দীন খাঁর বাড়িতে। হামলা করা হয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায়।

ads

বিএনপির সমালোচনা করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন বিভিন্নভাবে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে তখন বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত। মিথ্যা কথা ছাড়া তারা কিছু বলতেই জানে না। ষড়যন্ত্র আর মিথ্যার দুষ্টচক্রে আটকে গেছে দলটি। নিজেরা যখন কিছু করতে পারে না, তখন হেফাজতের ওপর ভর করে তাণ্ডব চালিয়েছে।

এ সময় করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা ভ্যাকসিনের জন্য কোনো একটা নির্দিষ্ট দেশের আশায় বসে থাকিনি। বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং হচ্ছে। ইতোমধ্যে রাশিয়া থেকে ভ্যাকসিন আমদানির বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশাকরি, সামনের মাসেই দেশে ভ্যাকসিন চলে আসবে।

ad

পাঠকের মতামত