মোদির সঙ্গে ফোনে কথা বললেন বাইডেন
ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন টেলিফোনে কথা বলেছেন। বাইডেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মোদি। সোমবার (২৬ এপ্রিল) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। টুইটারে মোদি লিখেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুদেশের কোভিড পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের দিকে আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাচ্ছি’।
এর আগে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের একাধিক দেশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮৯১ জন। আজ সোমবার (২৬ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনের ব্যবধানে আরো ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা এযাবৎকালে ভারতের একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। একই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৯১ জনের। এ নিয়ে দেশটিতে টানা পঞ্চমদিনের মতো তিন লাখের বেশি শনাক্ত দেখা গেলো। আর গত ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ১০ লাখ শনাক্ত।











