21071

পাঁচ বছরে বাংলাদেশ মাছ-মাংসে উদ্বৃত্ত হবে : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক: কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, মাছ, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ উদ্বৃত্ত হবে। সরকার দেশবাসীর জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করে চলেছে। এটি বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করব।

মন্ত্রী আজ শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ads

ভেটেরিনিয়ানদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, প্রযুক্তি সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে হবে। সবার জন্য পুষ্টিসমৃদ্ধ ও নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে।

আবদুর রাজ্জাক আরও বলেন, পুষ্টিসম্মত খাবারের নিশ্চয়তার জন্য মানুষের আয় বাড়াতে হবে এবং কর্মসংস্থানও সৃষ্টি করতে হবে। তা নাহলে পর্যাপ্ত খাবার উৎপাদন করলেও মানুষ তা কিনতে ও ভোগ করতে পারবে না।

ads

দারিদ্র্যবিমোচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে কৃষি- এমনটা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে এখনও ২৮ ভাগ লোকের একটি কুঁড়েঘর ছাড়া কোনো জায়গা জমি নেই, ৫৬ ভাগ লোক ভূমিহীন। আমরা বিভিন্ন প্রচলিত ও অপ্রচলিত ফসল চাষের কথা বলছি। যার জমি নাই, সে কিভাবে করবে? এ ছাড়া, সরকার আগামীতে দারিদ্র্য ১২ ভাগে এবং অতিদরিদ্র পাঁচ ভাগে নামিয়ে আনতে নিরলস কাজ করছে। আমি মনে করি, এসব ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখতে পারে মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টর।’

সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। ‘ভেটেরিনিয়ান রেসপনস টু দ্যা কোভিড-১৯ ক্রাইসিস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিশেনের নির্বাহী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান, বাকৃবি বাউরেসের পরিচালক অধ্যাপক ড. আবু হাদি নূর আলী খান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমান ও ডা. মো. আওলাদ হোসেন প্রমুখ।

ad

পাঠকের মতামত