21044

অপহরনের ৫ দিন পর স্কুল ছাত্র উদ্ধার

নিউজ ডেস্ক: কুমিল্লার অপহরণের ৫ দিন পর মুক্তিপণের টাকা নিয়ে পুলিশ ফাঁদ পেতে আদিত্য তানিম নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে। শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ঐ স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকেও গ্রেফতার করা হয়। স্কুলছাত্র আদিত্য তানিম জেলার বরুড়া পৌর এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পুলিশ ও অপহৃত স্কুল ছাত্রের পারিবারিক সূত্রে জানা যায়, আদিত্য তানিমকে গত ১৮ এপ্রিল বাড়ির কাছে থেকে অপহরণ করে একটি চক্র। তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ২২ এপ্রিল রাতে তানিমের জেঠা সুলতান আহম্মদের মোবাইল ফোনে কল করে অপহরণকারী চক্রটি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এতে বরুড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) নাহিদ আহম্মেদসহ পুলিশের একটি টিম ঐ ছাত্রকে উদ্ধার করতে মুক্তিপণের টাকা নিয়ে ঘটনাস্থলে সাদা পোষাকে ফাঁদ পাতেন। এ সময় পরিবারের লোকজনের সঙ্গে থেকে পুলিশ অপহরণকারীদের কবল থেকে তাকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের সদস্য আবু ইউসুফকে (৩৮) গ্রেফতার করে। আবু ইউসুফ নোয়াখালীর সেনবাগ উপজেলার ঠনারপাড় গ্রামের ইসমাইল মিয়ার ছেলে৷

ads

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মেদ জানান, কৌশলে মুক্তিপণের টাকা নিয়ে আমরা অভিযানে না গেলে হয়তো ঐ শিশুটিকে বাঁচানো যেত না। অপহরণকারীদের ফাঁদে ফেলার কারণেই শিশুটির জীবন রক্ষা পেয়েছে।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, একটি শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্য দিয়ে শিশু তানিমকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারী চক্রের অপর সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ads
ad

পাঠকের মতামত