20784

চান্দিনায় ১২০০ টাকার জন্য খুন!

এন.সি জুয়েল: কুমিল্লার চান্দিনায় পাওনা টাকা পরিশোধ করতে না পারায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয় লোকজন হত্যাকারী খলিল মিয়াকে (৩২) আটক করে।

নিহত রফিকুল ইসলাম (৩৮) পার্শ্ববর্তী বরুড়া উপজেলার আরিফুর গ্রামের ফজল মিয়ার ছেলে। তবে দীর্ঘ প্রায় ২৫ বছর যাবৎ মায়ের সঙ্গে চান্দিনার লতিফপুর গ্রামের মামার বাড়িতেই বসবাস করতেন তিনি।

ads

আটক ঘাতক খলিল মিয়া বরুড়া উপজেলার আদমপুর গ্রামের মো. হুমায়ূনের ছেলে। তিনি চান্দিনার লতিফপুর গ্রামের চামড়া ব্যবসায়ী মিলন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিকুল ইসলামের কাছে ১২০০ টাকা পেতেন খলিল মিয়া। শনিবার দুপুরে ওই পাওনা টাকার নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে খলিল মিয়া রফিকুল ইসলামের বুকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজন ঘাতক খলিলকে আটক করে এবং আহতাবস্থায় রফিকুল ইসলামকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন।

ads

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘাতক খলিল মিয়াকে গ্রেপ্তার করে।

চান্দিনা থানার ওসি শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক খলিল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ad

পাঠকের মতামত