সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু আর নেই
নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, সাবেক আইনমন্ত্রী, সিনিয়র অ্যাডভোকেট আবদুল মতিন খসরু মারা গেছেন। তিনি জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেডিয়াম সদস্য। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ এপ্রিল) বিকাল ৪টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহ ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর।
এর আগে গতকাল ১৩ এপ্রিল, মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে লাইফ সাপোর্টে নেয়া হয়। করোনা আক্রান্ত হওয়ায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে করোনা রিপোর্ট নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক অসুস্থতায় তার চিকিৎসা সেখানে চলছিল।
অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এসোসিয়েটসের সদস্য এডভোকেট শামীম খান মঙ্গলবার জানান, আবদুল মতিন খসরু স্যারকে আজ বেলা সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তাকে এর আগে আইসিইউতে নেয়া হয়েছিল। গত ৩১ মার্চ শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে আনা হয়েছিল। পরে আবার অবস্থার অবনতি হলে গত ৬ এপ্রিল তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ অবস্থার আরও অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। প্রথম বার গত ২৮ মার্চ রাতে আইসিইউতে নেয়া হয়েছিল তাকে।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ আবদুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন আবদুল মতিন খসরু।
আবদুল মতিন খসরু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
মতিন খসরু ১৯৫০ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।









