লালমাইতে কঠোর লকডাউন
নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় কুমিল্লার লালমাইতেও কঠোর লকডাউন চলছে। যানবাহন, দোকানপাট, সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। লকডাউনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে লালমাই থানা পুলিশের বিভিন্ন টিম।
গেল কয়েকদিন ঢিলেঢালা লকডাউনে বাস চলাচল বন্ধ থাকলেও অন্য সব কিছুই ছিল স্বাভাবিক। সর্বাত্মক লকাডাউন ঘোষণার পর বুধবার সকাল থেকে পাল্টে গেছে সে চিত্র। মূলত পুলিশের তৎপরতার ফলেই সর্বাত্মক লকডাউন পালন হচ্ছে লালমাই উপজেলায়।

গ্রামের বাজারগুলোতে নিত্যপণ্য, কাঁচা পণ্য ছাড়া অন্য কোনও দোকানপাট খোলা হয়নি। সড়কগুলোতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের বাহন হিসেবে রিক্সা, এম্বুলেন্স এবং পণ্য বহনের যানবাহন ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল করছে না। নিত্যপণ্যের দোকান ও কিছু হোটেল খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি খুবই কম।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব বলেন, ‘সরকারি নির্দেশনা বাস্তবায়নে আইজিপি মহোদায় এবং জেলা পুলিশ সুপার মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। লকডাউন বাস্তবায়নে আগামি ২১ এপ্রিল পর্যন্ত মাঠে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।’









