কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ৬,১৫০ পিস ইয়াবা ও ৭৫ কেজি গাঁজাসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক: র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানিক দল সোমবার (১২ এপ্রিল) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মিয়াবাজার, কাশিপুর এবং কোতয়ালী থানার আলেখারচর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে চৌদ্দগ্রাম থানার মিয়াবাজার এলাকা থেকে মোঃ সুমন মিয়ার নিকট থেকে ৬,১৫০ পিস ইয়াবা ও কাশিপুর এলাকায় মোঃ মইন উদ্দিনের নিকট হতে ৪৩ কেজি গাঁজা এবং কোতয়ালী থানাধীন আলেখারচর এলাকা থেকে মোঃ আশিক এর নিকট হতে ৩২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো চান্দিনা থানার বেলাশহর গ্রামের মৃত কালামিয়ার ছেলে সুমন মিয়া (৩৫), নোয়াখালি জেলার চাটখিল থানার অমরপুর গ্রামের মৃত মমিন উল্লাহ এর ছেলে মোঃ মইন উদ্দিন (৩৪) ও কুমিল্লা জেলার বি-পাড়া থানার তিতাভুমি গ্রামের মৃত আঃ বারেক এর ছেলে মোঃ আশিক (২২)। মইন উদ্দিন (৩৪) এর নিকট হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









