বিমানবন্দরে সোনার বার উদ্ধার: ৮ জনের রিমান্ড
ডেস্ক নিউজ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি সোনার বার উদ্ধারের ঘটনায় আটক ৮ জনকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১০ ফেব্রুয়ারি) আসামিদের আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করলে এ রায় দেন মহানগর মুখ্য হাকিম আদালত। এ ঘটনার সঙ্গে আর কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করছে গোয়েন্দা বিভাগ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের খাবার সরবরাহকারী ক্যাটারিং সার্ভিসের গাড়ি থেকে ৬০টি সোনার বার উদ্ধারের ঘটনায় বিমানবন্দর থানায় আটক ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এরপর তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আসামি প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম আদালত।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক ইফতেখার আলম ভূঁইয়া বলেন, উদ্ধার হওয়া সোনাগুলো কাস্টমস হাউসের কাছে জমা দেই। আসামিদের এয়ারপোর্ট সোপর্দ করি। এ ধরনের ঘটনার পেছনে আরো কোন সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, এই ঘটনায় যেকোনো সহযোগিতা করতে রাজি ইউএসবাংলা এয়ারলাইন্স। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। যেহেতু কাস্টমস তদন্ত করছে, তাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা করবো।
ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার চোরাকারবারীরা বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে। গেল ৫ বছরে শুধু শুল্ক অধিদফতরই অবৈধভাবে আকাশ পথে আসা প্রায় ১৩শ কেজি স্বর্ণ উদ্ধার করেছে।










