জাপানে শিক্ষার্থীর হয়ে রোবট করবে ক্লাস
আন্তর্জাতিক ডেস্ক: স্কুলে যেতে চায় না এমন শিশুদের জন্য তার হয়ে অন্য কারও ক্লাস করে দেওয়ার সুপ্ত ইচ্ছাকেই এবার বাস্তবে নিয়ে আসছে জাপান।
জাপানের দক্ষিণ-পশ্চিমের কুমামোটো শহরে স্কুলে যেতে না চাওয়া শিশুদের জন্য এক অভিনব পদক্ষেপে তাদের ভার্চুয়াল উপস্থিতির সুবিধার্থে রোবট ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে মাইনিচি শিম্বুন পত্রিকা।
রোবটগুলোতে মাইক্রোফোন, স্পিকার এবং ক্যামেরা থাকবে। তারা ক্লাসে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সঙ্গেই যোগাযোগ করবে। আর বাসা থেকে ডিভাইসের মাধ্যমে এই রোবট নিয়ন্ত্রণ করবে শিক্ষার্থীরা।
এর সাহায্যে তারা ক্লাসে অংশ নিয়ে স্কুলের সহপাঠীদের সঙ্গে আলোচনাও করতে পারবে। রোবটগুলো লম্বায় হবে এক মিটার (তিন ফুট)। চলতি বছরের নভেম্বরেই এই ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে।
স্কুলে বুলিংয়ের শিকার হওয়া এবং উদ্বেগের কারণে জাপানে শিশুদের স্কুল পালানোর হার বাড়ছে। এমন পরিস্থিতিতেই নেওয়া হচ্ছে এমন উদ্যোগ।
কুমামোটো মিউনিসিপ্যাল বোর্ড অফ এডুকেশন বলেছে, এ ধরনের উদ্যোগ বিরল। তবে এই পদ্ধতির মাধ্যমে স্কুল ভীতি দূর করে শিক্ষার্থীদের সশরীরে স্কুলে ফিরিয়ে আনাটাই মূল লক্ষ্য।
সংবাদসূত্র: এনডিটিভি।









