বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় শিশুদের উদ্বুদ্ধ করতে হবে : শিল্পমন্ত্রী
নিউজ ডেস্ক: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনায় শিশুদের উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরন করে দেশ পরিচালনায় এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনায় আছে বলেই দেশ শিল্প সমৃদ্ধ হয়েছে এবং এই উন্নয়নের সুফল সবাই ভোগ করতে পারছে। বঙ্গবন্ধু আজীবন গণতান্ত্রিক ও উন্নয়নের রাজনীতি করেছেন বলেই, দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।’
শিল্প মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘শিশু অধিকার রক্ষায় বঙ্গবন্ধু’ শীর্ষক আজ এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ পরিচালনায় পরিপূর্ণ জ্ঞান ছিল বলেই স্বাধীনতা পরবর্তী অতি অল্প সময়েই দেশ পুনর্গঠন করতে পেরেছিলেন।
শিল্পসচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু।
মূল প্রবন্ধের উপর আলোচনা করেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মো. গোলাম ইয়াহিয়া, যুগ্মসচিব ড. নাছিম আহমেদ, বাংলাদেশ ক্ষদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) ব্যবস্থাপনা পরিচালক ড. মো মফিজুর রহমান। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দপ্তর, সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনায় কোমলমতি শিশুদের মধ্যে উদ্বুদ্ধ করতে হবে, যাতে আগামী দিনে মুক্তিযোদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে পারে। আমরা ভাগ্যবান বঙ্গবন্ধুর গড়া এ শিল্প মন্ত্রণালয়ে দায়িত্বে থেকে তার অসমাপ্ত কাজের অংশ নিতে পারছি। আজকের দিনে জাতির কাছে আমাদের প্রতিজ্ঞা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিল্প মন্ত্রণালয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যাই করেনি, করেছিল তার লালিত স্বপ্ন ও আদর্শকে। ৭৫’ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর গড়া শিল্প প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে জাতীয় শিল্প উন্নয়নকে বাঁধাগ্রস্থ করেছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের শিল্পখাতকে ঢেলে সাজিয়ে শিল্পখাতের উন্নয়ন ও গুনগত পরিবর্তন এনেছে।
সূত্র : বাসস










