আধুনিক শহরে পরিণত হবে রাজশাহী : তাজুল ইসলাম
নিউজ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, যেভাবে উন্নয়ন হচ্ছে, আগামীতে রাজশাহী দেশের অনন্য নগরীতে পরিণত হবে।
সরকার রাজশাহীকেও সমান গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই শহর দেশের এক আধুনিক শহরে পরিণত হবে। এ সময় তিনি জনকল্যাণমুখী দল মনে করলে বিএনপির ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।
শনিবার সকালে রাজশাহীতে মহানগরীর আলিফ লাম মীম ভাটার মোড় থেকে বিহাস পর্যন্ত ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার দৈর্ঘ্যের ফোরলেন সংযোগ সড়কের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
দুপুরে মহানগরীর বারো রাস্তার মোড়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলিফ লাম মীম ভাটার মোড় থেকে বিহাস পর্যন্ত ফোরলেন সংযোগ সড়কের উদ্বোধন করেন মন্ত্রী তাজুল ইসলাম।
সড়কটি রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে মোহনপুর-রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে।
সড়ক উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
সংশ্লিষ্টরা জানান, ১৮৯ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকার এই প্রকল্পের আওতায় চার লেন সড়কের দুই পাশে ফুটপাত, একটি ব্রিজ, আটটি কালভার্ট, মিডিয়ান ও ট্রাফিক কাঠামো নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির আওতায় ২৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩২ টাকা ব্যয়ে ১২০ মিটার দৈর্ঘ্য র্যাম ২০২ দশমিক ৫০ মিটারের ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। রাজশাহীর প্রথম ফ্লাইওভার মহানগরবাসীর নজর কেড়েছে।
সড়ক উদ্বোধনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিটি করপোরেশনের আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) কার্যক্রম, ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে আলুপট্টি মোড় থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীতকরণ, সড়কের দুই পাশে ২ দশমিক ২০ মিটার চওড়া ফুটপাথ এবং আইল্যান্ড নির্মাণ কাজ, ১৬ তলা বিশিষ্ট সিটি সেন্টার নির্মাণ, ঐতিহ্যবাসী সোনাদীঘি সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন কাজ, মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়ক প্রশস্তকরণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ পরিদর্শন করেন এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম।
এরপর ১২৬ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে উপশহর-নগর ভবন, মালোপাড়া মোড় হয়ে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় নগর ভবন থেকে মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে রাণীবাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজও পরিদর্শন করেন মন্ত্রী।
এ ছাড়া রাজশাহীর পদ্মাপাড়ে দৃষ্টিনন্দন ওভার ব্রিজ ও শাহ মখদুম মাজার পরিদর্শন করেন। এরপর হযরত শাহ মখদুম রহ:-এর মাজার জিয়ারত করেন। পরে কয়ের দারা এলাকায় ড্রেনের পাশে নির্মিত দৃষ্টিনন্দন সড়ক ও সপুরা মঠ পুকুর পরিদর্শন করেন মন্ত্রী।
এর আগে বেলা ১১টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে আসেন এলজিআরডিমন্ত্রী। পরে তিনি নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার একজন শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেলে তিনি রাজশাহীর পদ্মা নদীর মাঝে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভারভিউ সিটি এলাকা পরিদর্শনসহ আরো বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন।











