‘পুঁজিবাজার গতিশীল করতে প্রকৃত উদ্যোক্তাদের উৎসাহী করতে হবে’
নিউজ ডেস্ক: পুঁজিবাজারে গতিশীলতা আনতে প্রকৃত উদ্যোক্তাদের ‘গ্রিনফিল্ড প্রকল্প’ গ্রহণে উৎসাহী করতে হবে বলে মনে করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এতে পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা যেমন বাড়বে, তেমনি সার্বিকভাবে ‘উইন-উইন সিচুয়েশন’ তৈরি হবে।
বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক হোটেলে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল শীর্ষক চার দিনব্যাপী রোডশো-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, পুজিবাজারের জন্য যথাযথ গবেষণা ও শৃ্ঙ্খলাবদ্ধ বিনিয়োগ অত্যন্ত জরুরি। এ বিষয়ে কনসালটেন্সি সার্ভিস প্রদানে প্রবাসীদের জন্য বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি মত দেন।
তিনি বিএসইসির বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন এবং বর্তমান কমিশনকে তাদের বিভিন্ন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল করোনা মহামারিতে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠানোর জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান।
এ সময় দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন। মঙ্গলবার রোডশো’র প্রথমদিন প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পৃথক দুটি পর্বে ‘বাংলাদেশের পুঁজিবাজার’ শীর্ষক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়। শেষদিন ১২ ফেব্রুয়ারি আগ্রহী বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সভা অনুষ্ঠিত হবে।










