17266

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

নিউজ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের স্বল্পতম সময়ে ভিসা প্রসেসিং ও স্মার্ট-কার্ড প্রদান, সৌদিতে ন্যুনতম অভিবাসন ব্যয়ে কর্মসংস্থান ও রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অসাধু মধ্যস্বত্ব-ভোগীদের দৌরাত্ম প্রতিরোধ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ads

বৈঠকে সৌদি আরবে বৈদেশিক কর্মসংস্থান ও কর্মী কল্যাণ ব্যবস্থাপনা আরও উন্নত করাসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান ও করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সৌদি দূতাবাসের মধ্যে নিয়মিতভাবে প্রতি মাসে একটি সভা করার সিদ্ধান্ত নেয়া হয়। ইমরান আহমদ বলেন, সরকার সুষ্ঠু শ্রম অভিবাসন নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর যোগান দিতে আন্তর্জাতিক মানের বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রসহ আরও ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান বলেন, বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম প্রধান দেশ। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন। তারা যেন ঝামেলাবিহীনভাবে সৌদি আরবে যেতে পারে এবং সেখানে তাদের প্রাপ্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাসহ সব অধিকার নিশ্চিত হয় এ ব্যাপারে সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ads
ad

পাঠকের মতামত