55669

কুমিল্লায় বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার মাদক উদ্ধার

নিউজ ডেস্ক: কুমিল্লায় ব্যাটালিয়ন ১০ বিজিবির পৃথক অভিযানে ৫০ লাখ টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মধ্যরাতে ১০ বিজিবির বৌয়ারা বাজার বিওপি ও যশপুর বিওপির বিশেষ দল পৃথক দুইটি অভিযান পরিচালনা করে।

এ সময় যশপুর বিওপির অভিযানে ৩২ লাখ ৮০ হাজার টাকার মূল্যের ১৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বৌয়ারা বাজার বিওপির অভিযানে ৩০ লাখ টাকার মূল্যের ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ads

শুক্রবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির সূত্রে জানা যায়, ১ জানুয়ারি কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির যশপুর বিওপির বিশেষ টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির টহল দল যশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৯/৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান নামক স্থান থেকে ৩২ লাখ ৮০ হাজার টাকার মূল্যের ১৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

ads

এছাড়া ২ জানুয়ারি কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির বৌয়ারা বাজার বিওপির বিশেষ টহলদল একটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৮৫/৮-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সূর্য্যনগর থেকে ৩০ লাখ টাকার মূল্যের ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির দুইটি পৃথক অভিযানে মাদকগুলো উদ্ধার করা হয়। ইতিমধ্যেই মাদকদ্রব্যগুলোর জব্দ তালিকা করে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে বিজিবির এমন বিশেষ অভিযান চলমান থাকবে।

ad

পাঠকের মতামত