কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত
নিউজ ডেস্ক: “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা ও অসহায় ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল সাড়ে ১০ ঘটিকায় কুমিল্লা ঈদগাহ থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের আয়োজনে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা পরিচালনা করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
আড্ডার সূচনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড. এম. মিজানুর রহমান খান। আড্ডায় সমাপনী বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা আমিন ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ, এস, এম, জোবায়েদ, এর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক গোলাম কিবরিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জিয়াউদ্দিন মোহাম্মদ রুবেল, জুলাই কন্যা সাদিয়া ফেরদৌস, এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ফৌজিয়া ইয়াসমিন।
পরে দৃষ্টি প্রতিবন্ধি ও শিশু পরিবারের নিবাসীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং ক্রেস্ট ও হুইল চেয়ার বিতরন করেন অতিথিগণ।









