কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত, সমালোচনার ঝড়
নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে তাঁকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। ১ মিনিট ৪৬ সেকেন্ডের এ ভিডিওটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। স্থানীয় পুলিশ জানিয়েছে, আব্দুল হাই হত্যাসহ নয়টি মামলায় অভিযুক্ত। আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
এ বিষয়ে ওই মুক্তিযোদ্ধা সাংবাদিকদের বলেন, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গালায় দিয়ে ভিডিও করেন। বিচার কার কাছে চাইব, মামলা দিয়ে আর কি হবে।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘রাতে ফেসবুকে ভিডিওটি দেখেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
রাতে সাড়ে ১১টার দিকে চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন, ঘটনার পর বীর মুক্তিযোদ্ধা কানু মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেছিলেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও জানান। তবে রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় তাকে আবারও অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি অভিযোগ দেবেন কিনা বিষয়টি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।
ঘটনার বিষয়ে রাতে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মো. মাহফুজুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ না। তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে। এ বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।
একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দায়ীদের শাস্তি দাবি করেছেন।










