কুসিক সাবেক মেয়র আরফানুল হক রিফাতের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সর্বমহলে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন এই ব্যক্তিত্বের জীবনাবসান ঘটেছিল ৬৬ বছর বয়সে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
১৯৫৮ সালের ২রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মেয়র আরফানুল হক রিফাত। কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মনোহরপুর এলাকার বাসিন্দা প্রয়াত এস এম আতাউল হক ও হাছিনা হকের ছেলে আরফানুল হক রিফাত। আরফানুল হক রিফাত কুমিল্লা জিলা স্কুল থেকে ১৯৭৪ সালে এসএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। জিলা স্কুলে পড়াকালীন সময়ে তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী হিসেবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তীতে ১৯৮০ সালে শহর ছাত্রলীগের সভাপতির পদ লাভ করেন। ১৯৮১ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদ ছাত্রলীগের প্যানেলে বহিঃক্রীড়া ও ব্যায়ামাগার সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্যপদ লাভ করেন এবং পরবর্তীতে কুমিল্লা জেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৭ সালে তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ লাভ করেন।
এছাড়া আরফানুল হক রিফাত ২০১০ সাল থেকে কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। পরে ৫ জুলাই কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র হিসেবে শপথ নেন তিনি। ৭ জুলাই মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। তিনি এই সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রথম মেয়র ছিলেন।









