ডি-৮ সম্মেলনে ড. ইউনূসকে আমন্ত্রণ মিসরের
নিউজ ডেস্ক: ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মিসর। চলতি বছরের শেষ দিকে দেশটি এ সম্মেলন আয়োজন করবে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে গত বুধবার সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি আলদিন আহমেদ ফাহমি এ আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার একটি সংস্থা, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ যাত্রা শুরু করে। এর লক্ষ্য হলো বৈশ্বিক অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থানের উন্নয়ন, বাণিজ্য সম্পর্কের বহুমুখীকরণ ও নতুন নতুন সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নত করা।
সাক্ষাৎকালে মিসরের রাষ্ট্রদূত উন্নত ভবিষ্যতের লক্ষ্যে বাংলাদেশের অগ্রযাত্রায় তার দেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় তৌহিদ হোসেনকে অভিনন্দন জানান তিনি।
এ সময় তৌহিদ হোসেন বাংলাদেশ ও মিসরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন চলাকালে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হওয়ার কথা উল্লেখ করেন। বৈঠকে ২০২৪ সালে দুদশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর আলোকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সহযোগিতার সম্ভাব্য সুযোগগুলো অনুসন্ধান করা হয়।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার লক্ষ্যে সহযোগিতা করতে মিশর সম্মতি জানায়। সহযোগিতা ক্ষেত্র হিসেবে কৃষি, পেট্রোরসায়ন, বস্ত্রবয়ন ও জাহাজ শিল্পকে গুরুত্ব দেন তারা।
ফিলিস্তিনি জনগণকে বাংলাদেশ যে মানবিক সহায়তা দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। এ সময় উপদেষ্টা চলমান সংঘাত নিরসনে আরব দেশগুলো এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা বাড়ানোর ওপর জোর দেন।










