রাশিয়ায় উদযাপিত হলো বার্ষিক মাসলেনিতসা উৎসব
আন্তর্জাতিক ডেস্ক: বসন্তকে উপভোগ করতে এবং শীতকে বিদায় দিতে প্রতিবছরই রাশিয়ায় উদযাপন করা হয় বার্ষিক মাসলেনিতসা উৎসব। অর্থডক্স লেন্ট বা খ্রিস্টান ধর্মাবলম্বীদের ৪০ দিনব্যাপী বিশেষ উপবাস পর্বের শেষ সপ্তাহে ঐতিহ্যবাহী এ উৎসব উদযাপন করা হয়। এ বছর এ উৎসবকে ঘিরে দেশটির কালুগা অঞ্চলে ছিল ব্যাপক আয়োজন।
হাতি, ঘোড়া, সিংহের সঙ্গে আনন্দে মাতোয়ারা শিশুসহ সব বয়সী মানুষ। রাশিয়ার ঐতিহ্যবাহী বার্ষিক মাসলেনিতসা উৎসব উপলক্ষেই এ বিশেষ আয়োজন করা হয়। মহাধুমধামের সঙ্গে উৎসবটি উদযাপন করা হয় পশ্চিমাঞ্চলীয় কালুগা অঞ্চলে। পুরনো রীতি অনুসারে অশুভ শক্তিকে দমন করতে এ দিন বিশাল আকারের কাঠের তৈরি একটি টাওয়ার পোড়ানো হয়। এছাড়া উৎসব উপলক্ষে শুভ ও অশুভ শক্তির প্রতীকী লড়াইয়ের আয়োজন করা হয় প্রতিবারই। যেখানে শেষ পর্যন্ত জয় হয় শুভ শক্তির।
এক দর্শনাথী জানান, আমি এ উৎসব দারুণ উপভোগ করেছি। শুভ ও অশুভ শক্তির দুটি বাহিনীর মধ্যে লড়াইয়ে প্রতিবারই শুভ শক্তিরই জয় হয়। এটা আমাদের নতুন করে পথ চলার প্রেরণা যোগায়।
শীতের শেষ দিকের সময়টুকু উপভোগ করতে বরফের বুকে স্কি করেন স্থানীয় ও পর্যটকরা। ভিড় জমান বিনোদন কেন্দ্রগুলোতে। কিন্তু এ বছর করোনার কারণে উৎসব জুড়ে বেশিরভাগ দর্শকই ছিলেন স্থানীয়।
একজন জানান, আমার জীবনে যত উৎসব দেখেছি এটাই সেরা। সারাবছর করোনার কারণে আমরা ঘরে কাটিয়েছি। কিন্তু এখন সবকিছু ঠিক হয়ে আসছে, আবহাওয়ার পরিবর্তন আসছে। চারপাশে এত আনন্দিত মুখ, এত ভালোবাসা সত্যিই চমৎকার।
প্রতিবছর শীতের শেষের দিকে এবং অর্থডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী গ্রেট লেন্ট বা ৪০ দিনব্যাপী বিশেষ উপবাস পর্বের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয় এ উৎসবটি। এদিন মাংস খাওয়া নিষেধ হওয়ায় ডিম ও পনির ছাড়াও বিভিন্ন পদের দুগ্ধজাত খাবার খান রুশ নাগরিকরা।











