18703

সুস্থ হয়ে কাজে ফিরে সৌরভের স্বস্তি

নিউজ ডেস্ক: বুকের ব্যথায় জানুয়ারিতে দুই দফায় এনজিওপ্লাস্টির পর এখন অনেকটাই সুস্থ সৌরভ গাঙ্গুলি। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি জানালেন, সুস্থভাবে কাজে ফিরতে পেরে রোমাঞ্চিত তিনি। শিগগিরই করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন বলেও জানালেন।

বুকের ব্যথা নিয়ে গত ২ জানুয়ারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ। এনজিওপ্লাস্টির পর তিনি ছাড়া পান। কিন্তু ২০ দিন পর আবারও বুকের একই ব্যথা উঠলে ফের হাসপাতালে যেতে হয়। ২৮ জানুয়ারি দ্বিতীয় দফায় এনজিওপ্লাস্টি করাতে হয়। তার হৃদযন্ত্রের দুটি স্টেন্ট বসানো হয়।

ads

এরপর পশ্চিমবঙ্গের বাইরে আর যাননি সৌরভ। কলকাতায় নিজের কার্যালয়ে সম্প্রতি ফিরেছেন বিসিসিআই প্রধান। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উদ্বোধনীতে যেতে পারেননি আহমেদাবাদে। তবে ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দেখতে আহমেদাবাদে যাওয়ার আভাস দিলেন সৌরভ।

এক মাসের মধ্যে দুইবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সাবেক ভারতীয় অধিনায়ককে। বড় কিছু যে হয়নি তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সৌরভ। অবশ্য আতঙ্কিত হননি একটুও, ‘ফিট আছি, একদমই সুস্থ। কিছু সময়ের জন্য কাজে ফিরেছি। এটা ছোট সমস্যা ছিল। আমি এতে একটুও ভীত হইনি। বয়স বাড়লে এসব একটু-আধটু হয়েই থাকে। আমি খুব ভাগ্যবান যে খুব অল্পতেই পার পেয়েছি। আরও বড় কিছু হতে পারতো। তারা বলে দিয়েছে কোনও কিছু হলে যেন সঙ্গে সঙ্গে তাদের জানাই। এখন একদম সুস্থ।’

ads

এবার ক্রিকেটে সময় দিতে চান সৌরভ, ‘আমি টি-টোয়েন্টি দেখবো। দ্বিতীয় কিংবা তৃতীয় ম্যাচটি দেখতে আহমেদাবাদে যাবো। হাসপাতাল ছাড়ার পর কেবল দুই সপ্তাহ পার হওয়ায় আমি কোথাও যেতে পারিনি। কোথাও যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু এখন আমি ভালো আছি, করোনার ভ্যাকসিন নিয়ে আমি উড়াল দেবো। আমি কাজে ফিরেছি, দারুণ লাগছে। আজকাল চিকিৎসা বিজ্ঞান দারুণ।’

ad

পাঠকের মতামত