18368

সৌদির নিরাপত্তায় সহায়তা দেবে কাতার

ডেস্ক নিউজ: ইরানি মদতপুষ্ট হুথি মিলিশিয়াদের ক্রমবর্ধমান হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সার্বভৌমত্বে সমর্থন দেওয়ার কথা নিশ্চিত করেছে কাতার।

এক বিবৃতিতে কাতারের আমিরি দিওয়ান জানিয়েছে, আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

ads

২৪ ফেব্রুয়ারি বিন সালমানের এপেন্ডিসাইটিস সার্জারির পর এ ফোনকল করা হয়। বিবৃতিতে বলা হয়, কাতারি আমির সৌদি যুবরাজের সুস্বাস্থ্য কামনা করেন।

বিবৃতিতে বলা হয়, দুজন সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেন এবং আরব ও উপসাগরীয় দেশগুলোর যৌথ তৎপরতা বাড়াতে নিজেদের আগ্রহের কথা জানান।

ads

এর আগে সৌদি রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হুথি হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছিল কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরান-সমর্থিত বিদ্রোহীরা সৌদির মাটিতে ঘোষণা দিয়েই রকেট ও ড্রোন হামলা চালাচ্ছেন। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার জবাবে এসব হামলা করা হচ্ছে বলে জানিয়েছেন হুথিরা।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন অঞ্চল দখল করার পর দেশটিতে সঙ্ঘাত বেড়ে যায়। এসব এলাকা হুথিদের হাত থেকে পুনরুদ্ধার করতে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা শুরু করলে ২০১৫ সালে ইয়েমেন সংকট ভয়াবহ রূপ ধারণ করে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ সঙ্ঘাতে এ পর্যন্ত প্রায় ২ লাখ ৩৩ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

কিছুদিন আগেই সৌদি জোটের সঙ্গে কাতারের সম্পর্কের তিক্ততা কেটেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর ২০১৭ সালের মাঝামাঝি সময় থেকে কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছিল। গত ৫ জানুয়ারি তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়।

ad

পাঠকের মতামত