দায়িত্ব নিলেন বরুড়া পৌরসভার নতুন মেয়র
মাইনুল হক: কুমিল্লার বরুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র বক্তার হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার সকালে বরুড়া পৌরসভার মেয়রের কার্যালয়ে নৌকার প্রার্থী বিজয়ী মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র জসিম পাটোয়ারী।

এ উপলক্ষে রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বরুড়া পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে পৌরসভার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নব নির্বাচিত মেয়র বক্তার হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিংকন, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুর রশিদ, মুফতি আলী আকবর ফারুকী, ডা. তপন, কাউন্সিলর আবুল কাসেম ভূইয়া, আলমগীর হোসেন, শাহিনুর আলম, মিনোয়ারা আক্তার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গালিমপুর ইউপি চেয়ারম্যান রবিউল আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কাউছার, নব নির্বাচিত কাউন্সিলর মোঃ মোঃ শাহজান, মোঃ মিজানুর রহমান, মোঃ মাহফুজুর রহমান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ জামাল উদ্দিন, বিল্লাল হোসেন।
মেয়র বকতার হোসেন বলেন, বরুড়া পৌরসভা অনেক পিছিয়ে গেছে। দু-একটি রাস্তা ছাড়া অধিকাংশ রাস্তা ঘাট, কালভার্ট, ড্রেন সহ বিভিন্ন অবকাঠামোর কোন উন্নয়ন হয়নি। আপনারা আমাকে পৌরসভার মেয়র নির্বাচিত করেছেন । এ দায়িত্ব যথাযথভাবে পালন করবো।
এছাড়া তিনি পৌরবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসঙ্গে সব দল মত পথের মানুষের জন্য পৌর দরজা খোলা থাকবে এবং পৌরবাসীর স্বার্থ সংরক্ষণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।










